ভিসা ছাড়াই বাংলাদেশিরা যেসব দেশে যেতে পারবেন

হেনলি অ্যান্ড পার্টনার্সের সর্বশেষ বৈশ্বিক পাসপোর্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাসপোর্ট দুই ধাপ পিছিয়ে এখন ৯৫তম স্থানে অবস্থান করছে। আগের সূচকে এটি ছিল ৯৩তম। নতুন তালিকা অনুসারে, বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৩৬টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবেন।
বিজ্ঞাপন
হেনলি পাসপোর্ট ইনডেক্সের এই সাম্প্রতিক প্রকাশিত তালিকায় দেখা গেছে, বাংলাদেশিদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুবিধাযুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া এবং মন্টসেরাট।
এছাড়া তালিকায় আরও রয়েছে নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, বাহামাস, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু এবং ভানুয়াতু। এসব দেশ ও অঞ্চলের মধ্যে কয়েকটিতে অন-অ্যারাইভাল ভিসা (বিমানবন্দরে নামার পর) পাওয়া যায়, আবার কয়েকটিতে ই-ভিসা নিতে হয়।
বিজ্ঞাপন
হেনলি পাসপোর্ট ইনডেক্সে শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশ ৯৫তম
হেনলি পাসপোর্ট ইনডেক্সের নতুন তালিকায়ও এক নম্বর অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দুই নম্বরে রয়েছে তিনটি দেশ—জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত।
বিজ্ঞাপন
সূচক অনুযায়ী, তৃতীয় অবস্থানে আছে সুইডেন। চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন এবং সুইজারল্যান্ড। পঞ্চম অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল। আর ষষ্ঠ স্থানে আছে হাঙ্গেরি, মালয়েশিয়া, পোল্যান্ড এবং যুক্তরাজ্য।
এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান আরও উন্নতির সুযোগ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, যদিও বর্তমানে এটি বিশ্বের অন্যতম দুর্বল পাসপোর্টগুলোর একটি হিসেবে বিবেচিত। ভ্রমণকারীদের উচিত সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা সরকারি ওয়েবসাইট থেকে সর্বশেষ ভিসা নিয়মাবলী যাচাই করে নেওয়া।








