মব সহিংসতায় ‘জিরো টলারেন্স’ সরকারের: ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় গণপিটুনির মতো ঘটনাগুলোকে প্রশ্রয় দেওয়ার কারণে সমাজে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বেড়েছে। বর্তমান সরকার এ ধরনের সহিংসতায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: বর্ণিল শোভাযাত্রায় আইইবি’র বৈশাখ উদযাপন
তিনি জানান, কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব জাস্টিস মেনে নেওয়া হবে না। অপরাধী যত বড়ই হোক, শাস্তি দেওয়ার ক্ষমতা কেবল রাষ্ট্রের—কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। আইন নিজের হাতে তুলে নেওয়া অরাজকতা সৃষ্টি করে এবং এটি দণ্ডনীয় অপরাধ।
বিজ্ঞাপন
ডা. জাহেদ বলেন, অতীতে এসব ঘটনায় শিথিলতার কারণে সমাজে ভুল ধারণা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, নিজেরাই বিচার করতে পারেন—যা অত্যন্ত বিপজ্জনক। কেউ গুরুতর অপরাধে অভিযুক্ত হলেও তাকে শারীরিকভাবে আঘাত করা বা হত্যা করা কোনোভাবেই বৈধ নয়।
তিনি আরও বলেন, কোথাও কোথাও প্রশাসনিক দুর্বলতা থাকতে পারে, তবে তা কাটিয়ে উঠতে সরকার কাজ করছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর হতে হবে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আলোচনা হয়েছে।
বিজ্ঞাপন
সরকার সংগঠিত সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে—গণপিটুনির মাধ্যমে নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা রেখে সব ধরনের অভিযোগ আইনগতভাবে মোকাবিলার আহ্বান জানান তিনি।








