আ.লীগ সরকারের আমলে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হচ্ছে

বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আরও পড়ুন: বনানীতে বহুতল ভবনে ভয়াবহ আগুন
আইনমন্ত্রী বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো নিয়ে সরকার সচেতন রয়েছে এবং সেগুলো প্রত্যাহারের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি উল্লেখ করেন, এর আগে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা যাচাই-বাছাইয়ের জন্য একটি কমিটি গঠন করেছিল। সেই কমিটির নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী কোনো হত্যা মামলা প্রত্যাহার করা হয়নি।
মো. আসাদুজ্জামান জানান, গত ৫ মার্চ ২০২৬ তারিখে জেলা প্রশাসকের নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যার কাজ হচ্ছে হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করা। পরে ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটিও গঠন করা হয়।
তিনি বলেন, জেলা কমিটির সুপারিশগুলো কেন্দ্রীয় কমিটি পর্যালোচনা করছে এবং সেগুলোর ভিত্তিতে মামলা প্রত্যাহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
আইনমন্ত্রী আরও বলেন, সংসদ সদস্যসহ যেকোনো ব্যক্তি তার বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। এসব আবেদন জেলা ও কেন্দ্রীয় কমিটি যাচাই-বাছাই করবে। যদি কোনো মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রমাণিত হয়, তবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি যোগ করেন, রাজনৈতিক হয়রানির শিকার ব্যক্তিদের প্রতিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।








