বিপিসিতে বড় রদবদল, এমডিসহ ৭ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে (বিপিসি) একযোগে বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। সংস্থাটির মোট ৭ জন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিপিসির সচিব শাহিনা সুলতানার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞাপন
আদেশ অনুযায়ী, এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়াকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আমীর মাসুদকে এলপি গ্যাস লিমিটেডে বদলি করা হয়েছে।
বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (নিরীক্ষা) মো. আবুল কালাম আজাদকে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে বিপিসির বাণিজ্য ও অপারেশন্স বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদকে অর্থ বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে বদলি করা হয়েছে।
বিজ্ঞাপন
স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী মাসুম হিমেলকে বিপিসির মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বিপিসি চেয়ারম্যান দপ্তরে সংযুক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইনকে বাণিজ্য ও অপারেশন্স বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে বদলি করা হয়েছে। একইভাবে অর্থ বিভাগের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর কবিরকে নিরীক্ষা বিভাগের মহাব্যবস্থাপক (নিরীক্ষা) হিসেবে পদায়ন করা হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ১৬ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তাদের তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে বলে গণ্য হবে।








