মারা গেলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মারা গেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
বিজ্ঞাপন
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এক শোকবার্তায় তিনি বলেন, মাহবুবুর রহমান একজন দক্ষ, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। তার পেশাদারিত্ব ও দায়িত্ববোধ মন্ত্রণালয়ের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ প্রশাসককে হারালো।
বিজ্ঞাপন
মন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মাহবুবুর রহমান ১৩তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের কর্মকর্তা ছিলেন। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব নেন। ব্যক্তিজীবনে তিনি স্ত্রী, তিন কন্যা এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।








