ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সাধারণ মানুষের মধ্যে আশা জাগিয়েছে

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
বুধবার সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে ‘দ্য কম্পাস ডায়ালগ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সংলাপটির আয়োজন করে ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ (আইএসটিআর)।
মন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন কার্যক্রম মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।
বিজ্ঞাপন
বিনিয়োগ খাতের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি জানান, সরকারি সংস্থাগুলোর ধীরগতির কারণে বিনিয়োগকারীরা দ্রুত সেবা পান না, যা তাদের নিরুৎসাহিত করে। এ সমস্যা সমাধানে প্রশাসনিক কাঠামো সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জ্বালানি খাতের সংকট উল্লেখ করে মন্ত্রী জানান, নবায়নযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, বিশেষ করে সৌরশক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গ্যাস ও তেল উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছে এবং শিগগিরই এ সংক্রান্ত টেন্ডার আহ্বান করা হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, দেশের বড় জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ বাড়ানো জরুরি। স্থিতিশীলতা নিশ্চিত করা গেলে কর্মসংস্থান সৃষ্টি আরও ত্বরান্বিত হবে।
আঞ্চলিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি রোহিঙ্গা সংকটকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন এবং এর সমাধানে উদ্যোগ অব্যাহত রাখার কথা বলেন।








