লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফলোআপ চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
বিজ্ঞাপন
বঙ্গভবনের প্রেস উইংয়ের বরাতে বাংলাদেশ বার্তা সংস্থা (বাসস) জানায়, শনিবার (৯ মে) সকাল ৭টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০১ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
রাষ্ট্রপতির বিদায় উপলক্ষে বিমানবন্দরে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, কূটনৈতিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতির পরিবারের সদস্য, রাষ্ট্রপতির চিকিৎসকরা, স্টাফ নার্স ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এ সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন।
চিকিৎসকের পরামর্শক্রমে ফলোআপ হিসেবে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
বিজ্ঞাপন
সব কিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের অক্টোবর মাসে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সিঙ্গাপুরে সফলভাবে হার্টের বাইপাস অস্ত্রোপচার সম্পন্ন হয়।








