প্রতিবন্ধী কলেজছাত্রের উদ্ভাবিত স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক কলেজছাত্রের উদ্ভাবিত স্মার্ট কার পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উদ্ভাবনী এই উদ্যোগ দেখে তিনি তরুণ নির্মাতাকে উৎসাহ ও প্রশংসা জানান।
বিজ্ঞাপন
শনিবার (৯ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কলেজছাত্র ও শারীরিক প্রতিবন্ধী ওয়াকিমুল ইসলামের তৈরি বিশেষ স্মার্ট কারটি ঘুরে দেখেন তারেক রহমান। এ সময় তিনি গাড়িটির বিভিন্ন প্রযুক্তিগত দিক সম্পর্কে খোঁজখবর নেন এবং নির্মাতার সঙ্গে কথা বলেন।
জানা গেছে, সীমিত সুযোগ–সুবিধার মধ্যেও ওয়াকিমুল ইসলাম নিজ উদ্যোগে এই স্মার্ট কার তৈরি করেছেন। তার উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর প্রচেষ্টা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। প্রধানমন্ত্রী গাড়িটিতে চড়েও দেখেন এবং তরুণ উদ্ভাবকের প্রশংসা করেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), শাহাদাৎ হোসেন স্বাধীনসহ আরও অনেকে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
সংশ্লিষ্টরা বলছেন, তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে সামনে আনা এবং প্রযুক্তিনির্ভর সৃজনশীল কাজে উৎসাহ দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ওয়াকিমুল ইসলামের এমন উদ্যোগ তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠতে পারে।








