Logo

গুম-খুনের রাজনীতি নয়, নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ মে, ২০২৬, ১৫:০৭
গুম-খুনের রাজনীতি নয়, নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

দেশে ভয়ভীতি, গুম-খুন ও দমনপীড়নের রাজনীতি থেকে বের হয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে এবং শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ নাগরিক সবাই নিরাপদ পরিবেশে জীবনযাপন করতে পারবেন।

বিজ্ঞাপন

শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষার পরিবেশ পাবে, নারী-পুরুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবেন এবং নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, অতীতের ফ্যাসিবাদী শাসনামলে বিএনপির নেতাকর্মীরা নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন। সেই অভিজ্ঞতা থেকেই দলটি একটি সহনশীল রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করতে চায়।

তিনি আরও বলেন, দেশে ভিন্নমত থাকবে, রাজনৈতিক বিতর্ক থাকবে, তবে তা কখনো সহিংসতা বা দমননীতিতে রূপ নেওয়া উচিত নয়। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখাই হবে নতুন বাংলাদেশের অন্যতম লক্ষ্য।

বিএনপির নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে দলটির চেয়ারম্যান বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো এখন শুধু দলের নয়, দেশের মানুষের প্রত্যাশায় পরিণত হয়েছে। জনগণ সেই ইশতেহারের পক্ষে রায় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাই এসব অঙ্গীকার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

মূলত ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সক্রিয় করতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে মহানগর ও জেলা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক আন্দোলনের পর বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের অনেক নেতা সংসদ সদস্য ও মন্ত্রী হওয়ায় মাঠপর্যায়ের সাংগঠনিক কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়ে। সেই পরিস্থিতি কাটিয়ে সংগঠনকে আবার রাজপথে সক্রিয় করতেই এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়।

বিজ্ঞাপন

সভায় তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, অতীতের দমনমূলক রাজনৈতিক ধারা যেন আর ফিরে না আসে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি গুম-খুন ও সহিংসতার রাজনীতি পরিহার করে সহনশীল, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD