রবিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

রাজশাহীর বিভিন্ন এলাকায় রবিবার (১০ মে) টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। নির্ধারিত লাইনে রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কর্তনের কাজের কারণে এ সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হবে।
বিজ্ঞাপন
নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের শাখা-প্রশাখা ছাঁটাই করা হবে। এ কাজের জন্য রবিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
বিজ্ঞাপন
বিদ্যুৎ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে—দেওয়ানপাড়া ফিডারের আওতাধীন দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া এবং উকিলের মোড় এলাকা। সংশ্লিষ্ট ফিডারের সোর্স থেকে উকিলের মোড় আইসোলেটর পর্যন্ত এলাকায় এ কার্যক্রম পরিচালিত হবে।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই কাজ করা হচ্ছে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।








