Logo

চার দিনব্যাপী পুলিশ সপ্তাহে এবার পদক পাচ্ছেন যারা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ মে, ২০২৬, ২০:১২
চার দিনব্যাপী পুলিশ সপ্তাহে এবার পদক পাচ্ছেন যারা
ছবি: সংগৃহীত

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১০ মে) শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৬। চার দিনব্যাপী এ আয়োজন ঘিরে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। এবারের পুলিশ সপ্তাহে সাহসিকতা, বীরত্ব, পেশাদারিত্ব ও দায়িত্বশীল অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে বিভিন্ন পদকে ভূষিত করা হবে।

বিজ্ঞাপন

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে উদ্বোধনী দিনের মূল অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), বিপিএম সেবা ও পিপিএম সেবা পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, রবিবার সকালে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের পুলিশ সপ্তাহ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন কনটিনজেন্টের অংশগ্রহণে আয়োজিত বর্ণিল ও সুশৃঙ্খল প্যারেড পরিদর্শন করবেন এবং সালাম গ্রহণ করবেন। একইসঙ্গে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্যও দেবেন।

বিজ্ঞাপন

এবারের প্যারেড পরিচালনার দায়িত্বে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তার নেতৃত্বে দেশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেবেন প্যারেডে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পুলিশ সপ্তাহ শুরুর আগেই পদকের জন্য মনোনীত সদস্যদের রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেন ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান। চিঠির সঙ্গে পদকপ্রাপ্ত ১০৭ জন সদস্যের নাম, পদবি ও ঠিকানার তালিকাও সংযুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ২০২৫ সালে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা, সততা, শৃঙ্খলা ও দায়িত্বনিষ্ঠ ভূমিকার জন্য এসব পদক দেওয়া হচ্ছে। পুলিশ বাহিনীর সদস্যদের জন্য এ স্বীকৃতি অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), অতিরিক্ত আইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং আইজিপি মো. আলী হোসেন ফকির।

এদিকে, পুলিশ সপ্তাহ ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ সাজানো হয়েছে বিশেষভাবে। জাতীয় দৈনিকগুলো প্রকাশ করবে বিশেষ ক্রোড়পত্র এবং সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলে থাকবে বিশেষ আলোচনা অনুষ্ঠান।

বিজ্ঞাপন

চার দিনের কর্মসূচিতে আরও রয়েছে প্রধানমন্ত্রীর পুনাক স্টল পরিদর্শন, কল্যাণ প্যারেড, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ, আইজিপি ব্যাজ প্রদান, শিল্ড প্যারেড, অস্ত্র ও মাদক উদ্ধার সংক্রান্ত পুরস্কার বিতরণ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির সঙ্গে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সম্মেলন।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সপ্তাহব্যাপী বিভিন্ন অধিবেশনে গত বছরের কার্যক্রম মূল্যায়নের পাশাপাশি আগামী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। আগামী ১৩ মে পুলিশ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রভাব পড়ে পুলিশ প্রশাসনেও। সে কারণে গত বছর সাত দিনের পরিবর্তে সীমিত পরিসরে তিন দিনের পুলিশ সপ্তাহ আয়োজন করা হয়েছিল। তবে এবারের আয়োজন তুলনামূলক বিস্তৃত ও বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD