Logo

পুলিশের দাবি যৌক্তিক হলে পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ মে, ২০২৬, ১৬:২০
পুলিশের দাবি যৌক্তিক হলে পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে আরও আধুনিক ও জনকল্যাণমুখী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে।

বিজ্ঞাপন

রবিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’-য় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দীর্ঘদিন চাকরির পর অবসরে যাওয়া অনেক পুলিশ সদস্য পদোন্নতি না পাওয়ায় বিশেষ নীতিমালার আওতায় সম্মানজনক পদোন্নতির ব্যবস্থা করা হবে। এর মধ্যে কনস্টেবল থেকে অনারারি সহকারী উপপরিদর্শক (এএসআই), এএসআই থেকে অনারারি উপপরিদর্শক (এসআই) এবং এসআই থেকে অনারারি পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পদোন্নতির বিষয়টি বিবেচনায় রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অতিরিক্ত দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা চালুর বিষয়েও সরকার কাজ করছে। ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যায়ের সদস্যরা এ সুবিধার আওতায় আসতে পারেন বলে জানান তিনি।

পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলো আধুনিকায়ন করা হবে এবং প্রয়োজন অনুযায়ী নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি জানান, পুলিশের বিভিন্ন ইউনিটের ভবন, কার্যালয় ও আবাসন সংকট নিরসনে ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় অর্থ বরাদ্দকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গত দুই মাসে দেশে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির পরিবর্তনের সঙ্গে অপরাধের ধরনও বদলেছে। তাই আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা ছাড়া অপরাধ দমন কার্যক্রম সফল করা সম্ভব নয়।

বিজ্ঞাপন

জুয়া, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও মানি লন্ডারিং প্রতিরোধে নতুন আইন প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে ‘মব কালচার’ বন্ধে বিদ্যমান আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD