Logo

টিসিবির ট্রাকসেল শুরু ১১ মে, তেল-চিনি-ডালের দাম প্রকাশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ মে, ২০২৬, ২১:৫১
টিসিবির ট্রাকসেল শুরু ১১ মে, তেল-চিনি-ডালের দাম প্রকাশ
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিম্নআয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী সোমবার (১১ মে) থেকে সারাদেশে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম শুরু হবে, যা শুক্রবার ছাড়া চলবে ২১ মে পর্যন্ত।

বিজ্ঞাপন

রবিবার (১০ মে) টিসিবির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের নির্দেশনায় টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারগুলোর জন্য ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি ঈদ উপলক্ষে সাধারণ মানুষের জন্যও ট্রাকসেলের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

টিসিবি জানিয়েছে, রাজধানী ঢাকায় (ঢাকা জেলাসহ) প্রতিদিন ৫০টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। এছাড়া চট্টগ্রাম মহানগরী ও জেলায় থাকবে ২০টি ট্রাক। দেশের বাকি ছয় বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬টি জেলায় ১০টি করে ট্রাক পরিচালনা করা হবে। সব মিলিয়ে সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে।

সংস্থাটি বলছে, আগামী ১১ মে থেকে ২১ মে পর্যন্ত মোট ১০ কার্যদিবসে প্রতিটি ট্রাকে প্রতিদিন ৪০০ জন ভোক্তার কাছে পণ্য বিক্রি করা হবে। এ সময়ে প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষ ট্রাকসেলের সুবিধা পাবেন। মোট প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্রাকসেলে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল কিনতে পারবেন, যার মূল্য ধরা হয়েছে প্রতি লিটার ১৩০ টাকা। এছাড়া এক কেজি চিনি ৮০ টাকায় এবং দুই কেজি মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকা দরে বিক্রি করা হবে। টিসিবি জানিয়েছে, যে কোনো সাধারণ ভোক্তা ট্রাক থেকে এসব পণ্য কিনতে পারবেন।

এদিকে, চলতি মে মাসে প্রায় ৭২ লাখ টিসিবি কার্ডধারী পরিবারের কাছেও ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম অব্যাহত থাকবে। এ জন্য প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে কার্ডধারীদের জন্য ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের নির্ধারিত পরিমাণ ও মূল্য আগের মতোই অপরিবর্তিত থাকবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD