Logo

দুর্নীতিবিরোধী প্রতিযোগিতায় সিদ্বেশ্বরীর জয়, প্রশংসায় যুগ্মসচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ মে, ২০২৬, ১১:৫৫
দুর্নীতিবিরোধী প্রতিযোগিতায় সিদ্বেশ্বরীর জয়, প্রশংসায় যুগ্মসচিব
ছবি: প্রতিনিধি

ঢাকা মহানগরের রমনা অঞ্চলে আয়োজিত দুর্নীতিবিরোধী বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে সিদ্বেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। দুর্নীতি প্রতিরোধ কমিটি, রমনা অঞ্চল, ঢাকা মহানগরের উদ্যোগে শনিবার (৯ মে) রাজধানীর কাকলী হাই স্কুল অ্যান্ড কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

রাজধানীর বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় বিতর্ক বিভাগে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে সিদ্বেশ্বরী গার্লস স্কুলের বিতর্ক দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল পর্বে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে যুক্তি, তথ্যভিত্তিক বিশ্লেষণ, সাবলীল উপস্থাপনা ও আত্মবিশ্বাসী বক্তব্যের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে দলটি বিজয় ছিনিয়ে আনে।

একই অনুষ্ঠানে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায়ও বিদ্যালয়টির শিক্ষার্থীরা অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখে। দুর্নীতিবিরোধী সচেতনতা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরে সৃজনশীল চিত্র উপস্থাপনার মাধ্যমে তারা প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে নেয়।

বিজ্ঞাপন

প্রতিযোগিতার মূল বিষয় ছিল সমাজে নৈতিকতা, জবাবদিহিতা এবং দুর্নীতি প্রতিরোধে পারিবারিক ও সামাজিক মূল্যবোধের গুরুত্ব। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সততা, দেশপ্রেম ও নৈতিক চেতনা জাগ্রত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

এ সাফল্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়টির নবনিযুক্ত সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব তরফদার মোঃ আক্তার জামীল। তিনি বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের এ অর্জন শুধু প্রতিষ্ঠানের জন্য নয়, সমগ্র শিক্ষাঙ্গনের জন্য গর্বের। ভবিষ্যতেও তারা এ ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন করবে বলে আমি আশাবাদী।

বিজ্ঞাপন

তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও সৃজনশীল চর্চার মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ অর্জনকে ঘিরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের সাফল্য শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে তাদের অনুপ্রাণিত করবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD