Logo

সরকার যেমন চিরস্থায়ী নয়, প্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ মে, ২০২৬, ১৩:১০
সরকার যেমন চিরস্থায়ী নয়, প্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও কারও জন্য চিরস্থায়ী নয়। তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখতে হবে এবং পদোন্নতি বা পছন্দের পোস্টিং পাওয়ার জন্য তদবিরের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

বিজ্ঞাপন

সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা কেউই চিরস্থায়ী নই। পৃথিবীর ইতিহাস বারবার সেটাই প্রমাণ করেছে। তাই প্রশাসনের কোনো পদকে স্থায়ী ভাবার সুযোগ নেই। যার যেখানে দায়িত্ব, সেখান থেকেই সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কোনো কর্মকর্তা যদি শুধুমাত্র নিজের পছন্দের পোস্টিং বা পদোন্নতির জন্য চেষ্টা করেন, তাহলে তা তার পেশাদারিত্বকে ক্ষতিগ্রস্ত করে। দায়িত্বপ্রাপ্ত কর্মস্থলেই নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী একটি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, এটি শুধু রাজনৈতিক স্লোগান নয়, বরং দেশের প্রতিটি মানুষের আকাঙ্ক্ষা। সেই লক্ষ্য বাস্তবায়নের প্রথম শর্ত হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি স্বীকার করেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ আগের তুলনায় অনেক বেশি জটিল। প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে অপরাধের ধরনও পাল্টে গেছে। এখন পুলিশিং শুধু জেলা বা শহরভিত্তিক সীমাবদ্ধ নয়; আন্তর্জাতিক অপরাধ চক্র ও সাইবার অপরাধও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম এখন বাস্তবতা। আধুনিক প্রযুক্তিতে দক্ষ না হলে ভবিষ্যতে অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জনের আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিগত দেড় দশকের অর্থনৈতিক অনিয়ম ও দুর্নীতির নানা উদাহরণ তুলে ধরেন। অডিট রিপোর্টের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা অপচয় ও আত্মসাতের ঘটনা ঘটেছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কোয়ার্টারের জন্য একটি বালিশের দাম দেখানো হয়েছে প্রায় ৮০ হাজার টাকা। একইভাবে ৩০ হাজার টাকার ড্রেসিং টেবিল কয়েক লাখ টাকায় কেনার হিসাব দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

কর্ণফুলী টানেলের পাশে বৃক্ষরোপণের জন্য বরাদ্দ অর্থ কাজ ছাড়াই তুলে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি অপ্রয়োজনীয় বিলাসবহুল স্থাপনা নির্মাণের মাধ্যমে বিপুল অর্থ অপচয়ের কথাও উল্লেখ করেন।

পিরোজপুর জেলার একটি প্রকল্পের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র কাগজে কাজ দেখিয়ে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এই ঋণ ও অপচয়ের বোঝা দেশের সাধারণ মানুষের ওপর চাপছে। এসব অর্থ সঠিকভাবে ব্যবহার হলে পুলিশ বাহিনীর আবাসন, পরিবহন ও প্রযুক্তিগত চাহিদা পূরণ করা সম্ভব হতো।

প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, কোনো অপরাধীর রাজনৈতিক পরিচয় বা প্রভাব দেখে আইন প্রয়োগে পিছিয়ে যাওয়া যাবে না। আপনারা আইনের লোক, কোনো দলের নয়। অপরাধীকে অপরাধী হিসেবেই দেখতে হবে।

বিজ্ঞাপন

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা পুলিশের নৈতিক দায়িত্ব। নাশকতা বা সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন তিনি।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী সরকারি ব্যয়ে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। তিনি জানান, মন্ত্রীদের জ্বালানি তেলের বরাদ্দ ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তিনি নিজেও ব্যক্তিগতভাবে খরচ কমানোর চেষ্টা করছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি, তারা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি সুবিধাপ্রাপ্ত। যদি আমরা কিছুটা ছাড় দিই, তাহলে রাষ্ট্র বড় ধরনের সাশ্রয় করতে পারবে।

প্রধানমন্ত্রী বলেন, সততা, দক্ষতা ও মেধাকেই নিয়োগ ও বদলির মূল ভিত্তি করা হবে। পাশাপাশি পুলিশের মানসিক ও শারীরিক সুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর আশ্বাস দেন তিনি।

বক্তব্যের শেষদিকে তিনি পুলিশ সপ্তাহ-২০২৬-এর প্রতিপাদ্য ‘আমার পুলিশ, আমার দেশ—সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD