পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীর অভ্যন্তরে শৃঙ্খলা ও চেইন অব কমান্ড ভঙ্গের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বর্তমান সরকার কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেবে না এবং বাহিনীর কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে মানবাধিকার রক্ষা করে কৌশলী ও পেশাদার পুলিশিং পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিজ্ঞাপন
সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক ভাষণ’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের অপারেশনাল কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা ও তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার।
বিজ্ঞাপন
তিনি বলেন, বর্তমানে সীমিত পরিসরে কিছু ক্যামেরা ব্যবহার করা হলেও ভবিষ্যতে সব পর্যায়ে এই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেয়া হবে। তদন্ত, অভিযান ও অন্যান্য কার্যক্রমের রেকর্ড সংরক্ষণে বডিওর্ন ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে স্বচ্ছতা যেমন বাড়বে, তেমনি জবাবদিহিতাও নিশ্চিত হবে।
জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বলপ্রয়োগ বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক বিশ্বে মানবাধিকার ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ দমন বা তদন্ত পরিচালনার ক্ষেত্রে এমন কোনো পদক্ষেপ নেয়া যাবে না, যা মানবাধিকারের পরিপন্থী হয়।
তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, অপরাধ নিয়ন্ত্রণ, তদন্ত কার্যক্রম পরিচালনা কিংবা প্রসিকিউশন টিমকে সহায়তার সময় কৌশলী হতে হবে। তবে সবকিছুই করতে হবে মানবাধিকার সমুন্নত রেখে।
বিজ্ঞাপন
দেশের পর্যটন খাতের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের সক্ষমতা আরও বাড়ানোর কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ এখনো প্রত্যাশিত সুনাম অর্জন করতে পারেনি।
তিনি মনে করেন, দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে নিরাপদ পর্যটন পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ জন্য টুরিস্ট পুলিশকে আরও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান বাড়াতে হবে। এতে দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হবে এবং বিদেশি পর্যটকের সংখ্যাও বাড়বে।
বিজ্ঞাপন
বৈশ্বিক বাস্তবতায় পুলিশিংয়ের ধরন বদলে গেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন শুধু অপরাধ দমনই পুলিশের একমাত্র দায়িত্ব নয়; জনগণের সঙ্গে বিশ্বাস ও আস্থার সম্পর্ক গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, জনগণের আস্থা ছাড়া কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। এজন্য পুলিশ সদস্যদের আচরণ, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব আরও উন্নত করতে হবে।
বিজ্ঞাপন
ব্যক্তিগত সততা ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের সতর্ক করে বলেন, বাহিনীর শৃঙ্খলার সঙ্গে কোনো আপস করা হবে না। চেইন অব কমান্ড যারা ভাঙবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রতিটি সদস্যের আচরণ যেন পুরো বাহিনীর মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রাখে, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।








