ট্রাফিক আইন ভাঙলেই পয়েন্ট কাটা, বাতিল হবে ড্রাইভিং লাইসেন্স

রাজধানীর সড়কে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ। এখন থেকে সড়কে নিয়ম লঙ্ঘন করলে শুধু মামলা বা জরিমানাই নয়, চালকদের ড্রাইভিং লাইসেন্সেও যুক্ত হবে ডিমেরিট পয়েন্ট। নির্ধারিত সীমা অতিক্রম করে মোট ১২ পয়েন্ট কাটা গেলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল বা স্থগিত হয়ে যাবে লাইসেন্স।
বিজ্ঞাপন
নতুন এই ব্যবস্থা আপাতত রাজধানীতে চলাচলকারী চার চাকার যানবাহনের চালকদের ক্ষেত্রে কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
এতদিন সড়কে কোনো যানবাহন ট্রাফিক আইন ভঙ্গ করলে মামলা হতো মূলত গাড়ির রেজিস্ট্রেশনের বিপরীতে। ফলে জরিমানা বা আইনি জটিলতার দায় বহন করতেন গাড়ির মালিকরা। তবে নতুন নিয়মে সরাসরি দায়বদ্ধ করা হচ্ছে চালককে। এখন আইন অমান্য করলেই সেই অপরাধের তথ্য যুক্ত হবে চালকের ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ট্রাফিক আইন লঙ্ঘনের অন্তত ১৩ ধরনের অপরাধের জন্য নির্ধারিত থাকবে আলাদা ডিমেরিট পয়েন্ট। নির্দিষ্ট অপরাধে লাইসেন্স থেকে পয়েন্ট কাটা হবে। ধাপে ধাপে ১২ পয়েন্ট শেষ হয়ে গেলে লাইসেন্স স্থগিত বা বাতিল হয়ে যাবে।
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ইতোমধ্যে নজরদারি জোরদার করেছে ট্রাফিক পুলিশ। নিয়ম ভাঙলেই করা হচ্ছে মামলা, পাশাপাশি কিছু ক্ষেত্রে অটোমেটেড প্রসিকিউশন বা অটো মামলাও যুক্ত হয়েছে। এসব তথ্য এখন সরাসরি চালকের লাইসেন্স রেকর্ডের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, নতুন এই ব্যবস্থা চালুর পর গত দুই মাসেই এক হাজারের বেশি চালকের ডিমেরিট পয়েন্ট কাটা হয়েছে।
বিজ্ঞাপন
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান বলেন, এই ব্যবস্থার উদ্দেশ্য শুধু জরিমানা আদায় নয়; বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং চালকদের আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা। চালকদের সচেতন করাই মূল লক্ষ্য, যাতে দুর্ঘটনা কমে আসে এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত হয়।
তবে চালকদের জন্য আপিলের সুযোগও রাখা হয়েছে। কোনো চালক যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আর কোনো ট্রাফিক আইন ভঙ্গ না করেন, তাহলে পরবর্তী ছয় মাসে তার লাইসেন্সে পুনরায় দুই পয়েন্ট যুক্ত হবে।
বিজ্ঞাপন
বাস্তবে এখনও অনেক চালক এই ডিমেরিট পয়েন্ট পদ্ধতি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন না। কয়েকজন চালক জানিয়েছেন, নতুন নিয়মের বিষয়ে তারা বিস্তারিত জানেন না। তবে কেউ কেউ মনে করেন, সড়কের নিয়ম যথাযথভাবে মেনে চললে মামলা কিংবা পয়েন্ট কাটার ঝুঁকিও থাকবে না।
এদিকে সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন কঠোর করলেই হবে না, তার কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের মতে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে লেনভিত্তিক চলাচল নিশ্চিত করা এবং চালকদের পেশাদার প্রশিক্ষণের আওতায় আনা জরুরি।
বিজ্ঞাপন
তিনি বলেন, দেশের অধিকাংশ চালক এখনো অপেশাদার পরিবেশে প্রশিক্ষণ নিচ্ছেন বা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে গাড়ি চালানো শিখছেন। ফলে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হলে দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা তৈরির ওপর জোর দিতে হবে।








