Logo

সৌদি আরবে পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ মে, ২০২৬, ১৫:২০
সৌদি আরবে পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী
ছবি: সংগৃহীত

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার (১১ মে) পর্যন্ত ১৩১টি হজ ফ্লাইটের মাধ্যমে এসব যাত্রী দেশটিতে পৌঁছান।

বিজ্ঞাপন

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ১০ মে (সৌদি সময় রাত ২৩:৫৯) পর্যন্ত মোট ৫১ হাজার ১৯৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৭ হাজার ১২৩ জন হজযাত্রী।

চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া হজ ফ্লাইট কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত মোট ১৩১টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

বিজ্ঞাপন

ফ্লাইট পরিচালনাকারী সংস্থাগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬১টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৪৮টি ফ্লাইট এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

যাত্রী পরিবহনের হিসাবে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেছেন ২৪ হাজার ২৯৩ জন হজযাত্রী। সৌদি এয়ারলাইন্সে গেছেন ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে গেছেন ৮ হাজার ৮৫৯ জন যাত্রী।

এদিকে সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ২২ হাজার ৯৯৮টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। একই সঙ্গে আইটি হেল্পডেস্কের মাধ্যমে এখন পর্যন্ত ১৪ হাজার ৮৬৯টি সেবা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ এবং ২ জন নারী। তাদের মধ্যে ১০ জন মক্কায় এবং ২ জন মদিনায় মৃত্যুবরণ করেছেন।

সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটে যশোরের মো. আব্দুল মতিন (৫৩) নামের এক হজযাত্রীর।

বিজ্ঞাপন

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে। হজের আনুষ্ঠানিকতা শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ৩০ জুন পর্যন্ত।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD