Logo

কন্যাশিশুর স্বপ্নপূরণে সহায়ক শক্তি হবে রাষ্ট্র: জুবাইদা রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ মে, ২০২৬, ১৬:০৯
কন্যাশিশুর স্বপ্নপূরণে সহায়ক শক্তি হবে রাষ্ট্র: জুবাইদা রহমান
ছবি: সংগৃহীত

কন্যাশিশুদের নিরাপত্তা, শিক্ষা ও মানবিক বিকাশ নিশ্চিত করে তাদের স্বপ্নপূরণের পথে রাষ্ট্রকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চিকিৎসক ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, প্রতিটি মেয়ে যেন নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সে জন্য রাষ্ট্রব্যবস্থাকে বাধা নয়, বরং সহযোগী শক্তি হিসেবে কাজ করবে।

বিজ্ঞাপন

সোমবার (১১ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে পুনাকের সদস্যদের সমাজ উন্নয়নে অবদানের জন্য অভিনন্দন জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, সমাজের বিভিন্ন স্তরে নারীদের অংশগ্রহণ এবং সেবামূলক কার্যক্রম আগামী প্রজন্মকে ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুনাকের বিভিন্ন উদ্যোগ একটি মানবিক, সুস্থ ও সুন্দর সমাজ গঠনের ভিত্তি হিসেবে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, সমাজ পরিবর্তনের জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণ সম্ভব। পরিবার ও সমাজ ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে থাকা নারীরা স্বাস্থ্যসেবা, শিক্ষা ও গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প খাতে নারী উদ্যোক্তাদের আরও বেশি উৎসাহ দেওয়া প্রয়োজন। যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নারীদের প্রশিক্ষণ, উন্নয়ন সহায়তা এবং বাজারজাতকরণ সুবিধা নিশ্চিত করা গেলে তাদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন

তার ভাষায়, নারীদের আর্থিক সক্ষমতা বাড়লে পরিবারে স্বচ্ছলতা ফিরবে, সন্তানদের শিক্ষার সুযোগ বাড়বে এবং দারিদ্র্য কমানোর পথ আরও সহজ হবে। এ জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে পুনাকের সভানেত্রী অধ্যাপিকা নাসিমা ফেরদৌসীর অনুপস্থিতির কথা উল্লেখ করে তার দ্রুত সুস্থতা কামনা করেন ডা. জুবাইদা রহমান। তিনি মহান আল্লাহর কাছে তার আশু রোগমুক্তি প্রার্থনা করেন।

বিজ্ঞাপন

এ সময় আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, সংস্কৃতি সচিব কানিজ মওলা এবং বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সহ-সভানেত্রী সাবিনা আওলাদসহ অন্যরা।

অনুষ্ঠানে নারী উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে বিভিন্ন উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, নারীদের অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা, শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD