হজ করতে গিয়ে ১৩ বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১৩ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও তিনজন নারী।
বিজ্ঞাপন
বুধবার (১৩ মে) প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মৃতদের মধ্যে ১১ জন মক্কায় এবং দুইজন মদিনায় মারা গেছেন।
হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, গত ৮ এপ্রিল যশোর কোতোয়ালির আব্দুল মতিন (৫৩) এবং দিনাজপুরের নবাবগঞ্জের আজহারুল হক (৬৪) মক্কায় মারা যান। তারা বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।
বিজ্ঞাপন
এ ছাড়া ১১ মে সাভারের নুসরাত শারমীন মক্কায় মারা যান। এর আগে ৪ মে ঠাকুরগাঁওয়ের হরিপুরের নিলুফা বেগম, ৩ মে ফরিদপুর সদরের নাসিরউদ্দিন বিশ্বাস এবং চাঁপাইনবাবগঞ্জ সদরের মাহফুজা বেগম হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
২৮ এপ্রিল মদিনায় রংপুর কোতোয়ালির শামসুল আলমের মৃত্যু হয়। ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জের আব্দুল হাই (৬১) ও শেরপুরের শ্রীবরদীর আবদুল্লাহ আল মামুন (৫৮) মারা যান। এছাড়া ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের খলিলুর রহমান এবং ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলা এলাকার সেরাজুল হকের মৃত্যু হয়।
এর আগে ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের আবুল কাশেম এবং ২১ এপ্রিল জয়পুরহাট সদরের নইম উদ্দীন মণ্ডলের মৃত্যুর খবর পাওয়া যায়।
বিজ্ঞাপন
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন।
গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবগামী ফ্লাইট চলবে।
বিজ্ঞাপন
হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে। আর ৩০ জুনের মধ্যে দেশে ফেরার কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।








