Logo

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হলো রিং

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ মে, ২০২৬, ১৫:৩৮
রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হলো রিং
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন | ফাইল ছবি

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ার পর জরুরিভিত্তিতে সফল এনজিওপ্লাস্টি করা হয়েছে। একই সঙ্গে তার হৃদযন্ত্রে একটি স্টেন্ট (রিং) বসানো হয়েছে বলে জানিয়েছে বঙ্গভবন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ মে) রাতে বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হকের বরাত দিয়ে প্রেস উইং জানায়, মঙ্গলবার দুপুরে যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

হাসপাতালটির ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে পরীক্ষা চলাকালে হৃদযন্ত্রের একটি ধমনীতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়ে। পরে চিকিৎসকরা দ্রুত এনজিওপ্লাস্টি করেন এবং ব্লক অপসারণে একটি স্টেন্ট স্থাপন করেন।

বর্তমানে রাষ্ট্রপতি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। চিকিৎসা-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা সন্তোষজনক রয়েছে।

এদিকে রাষ্ট্রপতি দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছে বঙ্গভবন।

বিজ্ঞাপন

এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল (এনইউএইচ)-এ রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। পরবর্তীতে হৃদরোগ-সংক্রান্ত জটিলতার ফলো-আপ চিকিৎসার অংশ হিসেবে তিনি যুক্তরাজ্যের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিয়ে আসছেন।

বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা ও গবেষণার জন্য পরিচিত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালকে বিশ্বের অন্যতম শীর্ষ কার্ডিয়াক সেন্টার হিসেবে বিবেচনা করা হয়। হার্ট ট্রান্সপ্লান্টে বিশেষ সাফল্যের জন্যও প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে সুপরিচিত।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গত ৯ মে স্বাস্থ্য পরীক্ষা ও ফলো-আপ চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে লন্ডনে যান। চিকিৎসা কার্যক্রম শেষ করে আগামী ১৮ মে দেশে ফেরার কথা রয়েছে তার।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD