দলমত নির্বিশেষে দেশের উন্নয়ন চায় বর্তমান সরকার : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বর্তমান সরকার দেশের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। সরকার দলমত নির্বিশেষে বাংলাদেশের উন্নয়ন চায়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১২ মে) ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিরোধী দলের সংসদ সদস্য থাকলে এলাকার উন্নয়ন হয় না— এমন ধারণা ভুল প্রমাণ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিমন্ত্রী আরও বলেন, খাল খনন কর্মসূচি উন্নয়নের একটি মাইলফলক হয়ে থাকবে। বর্তমান সরকার কঠিন সময় পার করছে এবং অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যেও উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিগত সরকারের সময়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। তাই সরকারি অর্থের অপচয় করার সুযোগ নেই। সীমিত সম্পদের মধ্যেও জনগণের কল্যাণে কাজ করছে সরকার।
সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ধানের শীষ বিজয়ী না হলেও আমরা উন্নয়নের ছোঁয়ায় এ এলাকাকে এগিয়ে নিতে চাই। খাল খনন করা হয়েছে, সামনে রাস্তার উন্নয়ন, মিনি স্টেডিয়াম, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং রাজনৈতিক বিশৃঙ্খলা এড়িয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুফতি মাহমুদুল্লাহ, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
আরও পড়ুন: গাইবান্ধায় কুকুরের কামড়ে ৫ জনের মৃত্যু
বিজ্ঞাপন
এদিকে তারাকান্দার কর্মসূচি শেষে প্রতিমন্ত্রী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নে আরেকটি খাল খনন কর্মসূচিতে অংশ নেন। সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স-এর সঞ্চালনায় আরও বক্তব্য দেন জাকির হোসেন বাবলু, প্রকৌশলী লুৎফুল্লাহ হেল মাজেদ বাবু, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামসহ অন্যরা।








