Logo

শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ মে, ২০২৬, ২১:১২
শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

নাগরিকদের জন্য ভূমিসেবা আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত দেশব্যাপী আয়োজন করা হচ্ছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’। তিন দিনব্যাপী এ মেলা বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আগামী ১৯ মে সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবনে কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের বিভিন্ন বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়েও মেলার কার্যক্রম শুরু করা হবে।

ভূমি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জনগণের সচেতনতা বাড়ানো এবং দ্রুত ও ঝামেলামুক্ত সেবা নিশ্চিত করাই এবারের আয়োজনের মূল উদ্দেশ্য।

বিজ্ঞাপন

মেলা উপলক্ষে দেশের সব বিভাগীয়, জেলা ও উপজেলা ভূমি অফিসে সরাসরি বিভিন্ন ধরনের ভূমিসেবা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধে নিবন্ধন সহায়তা, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি ও মৌজা ম্যাপের আবেদন গ্রহণ এবং ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ।

এ ছাড়া ডিসিআর ও ই-পর্চা সেবা, ডাকযোগে মৌজা ম্যাপ সরবরাহ এবং ভূমিহীন মানুষের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তরের ব্যবস্থাও রাখা হয়েছে। মেলায় উপস্থিত কর্মকর্তারা নাগরিকদের বিভিন্ন প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দেবেন এবং সেবা গ্রহণে প্রয়োজনীয় সহায়তা করবেন।

বিজ্ঞাপন

ডিজিটাল ভূমিসেবা ব্যবহারে মানুষকে উৎসাহিত করতে বিশেষ সহায়তা বুথ স্থাপন করা হবে। এসব বুথে নাগরিকদের land.gov.bd পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং বিভিন্ন ফি জমা দেওয়ার পদ্ধতি হাতে-কলমে শেখানো হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনের মাধ্যমে আদায় করা হচ্ছে। এ ধরনের ডিজিটাল সেবা আরও জনপ্রিয় ও সহজলভ্য করতে মেলার মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হবে।

মেলা চলাকালে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে জনসচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভার আয়োজনও করা হবে। এসব আয়োজনে ভূমি ব্যবস্থাপনার চলমান সংস্কার, ভবিষ্যৎ পরিকল্পনা, ডিজিটাল সেবার সুবিধা এবং ভূমিসেবা সহজীকরণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হবে।

বিজ্ঞাপন

পাশাপাশি ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ বা তথ্য জানার জন্য হটলাইন নম্বর ১৬১২২ এবং ভূমিসেবা সহায়তা কেন্দ্র (এলএসএফসি) সম্পর্কেও সাধারণ মানুষকে অবহিত করা হবে। মেলায় আগতদের মধ্যে “ভূমি আমার ঠিকানা” শীর্ষক একটি তথ্যবহুল বুকলেট বিতরণ করা হবে। এছাড়া ভূমিসেবা বিষয়ে নির্মিত তথ্যচিত্রও প্রদর্শন করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মেলা সফল করতে মাঠ প্রশাসনের জন্য ইতোমধ্যে বিস্তারিত নির্দেশনা জারি করা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনকে তথ্যকেন্দ্র স্থাপন, পর্যাপ্ত জনবল নিশ্চিত এবং ডিজিটাল সেবার কার্যকারিতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মেলায় জনসম্পৃক্ততা বাড়াতে স্থানীয়ভাবে ব্যাপক প্রচারণা চালানো হবে। মাইকিং, লিফলেট বিতরণ, জুমার খুতবায় প্রচার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় কেবল নেটওয়ার্ক এবং জেলা-উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যবহার করে প্রচারণা পরিচালনা করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, হাট-বাজার ও জনসমাগমস্থলে ব্যানার-পোস্টার টানানো হবে।

ভূমি মন্ত্রণালয় দেশের সব নাগরিককে মেলায় অংশ নিয়ে সরাসরি সেবা গ্রহণ এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেওয়ার আহ্বান জানিয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD