তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এই প্রকল্প বাস্তবায়ন হবে, এজন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।
বিজ্ঞাপন
সোমবার (১৮ মে) দুপুরে রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ আঞ্চলিক পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: দেশে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা
প্রতিমন্ত্রী বলেন, দেশে ইতোমধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ চলছে, একইভাবে তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়ন করা হবে। তবে বড় প্রকল্প বাস্তবায়নে সময় ও বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা–নিরীক্ষা প্রয়োজন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সামনে বর্তমানে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে—ফারাক্কা চুক্তি নবায়ন, পদ্মা ব্যারেজ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। সরকারের বয়স মাত্র কয়েক মাস উল্লেখ করে তিনি বলেন, এসব প্রকল্পে ধাপে ধাপে অগ্রসর হতে হবে।
ফারাক্কা চুক্তি প্রসঙ্গে তিনি জানান, আগামী ১১ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হবে। নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং অতীতের মতোই সমঝোতার মাধ্যমে এটি নবায়নের চেষ্টা করা হচ্ছে।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার সুযোগ তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী চান, এসব প্রতিভাবান খেলোয়াড় ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করুক।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও সন্তানদের উৎসাহিত করা উচিত, কারণ এতে তারা দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজ উন নবী ডন, আমিনুল ইসলাম, মোহাম্মদ আবদুল মাবুদ, রুহুল আমিন ও সাইফুল ইসলাম।








