Logo

শেষ হয়েছে পে স্কেলের সভা, সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ মে, ২০২৬, ১৭:৩৬
শেষ হয়েছে পে স্কেলের সভা, সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল
ছবি: সংগৃহীত

নবম জাতীয় পে স্কেল নিয়ে গঠিত সচিব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়েছে। বৈঠকে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো ও পেনশন বৃদ্ধির বিষয়ে বিভিন্ন সুপারিশ উঠে এসেছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় সচিবালয়ে শুরু হওয়া সভা দুপুরে শেষ হয়।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায়, মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের বেতন ও সুযোগ-সুবিধা তুলনামূলক বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। অন্যদিকে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের জন্য সুবিধা কিছুটা সীমিত রাখা হতে পারে। পাশাপাশি পেনশনভোগীদের জন্যও বড় ধরনের সুবিধা বাড়ানোর প্রস্তাব এসেছে।

পূর্ণাঙ্গ নতুন পে স্কেল একবারে বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত প্রায় ৪৩ হাজার কোটি টাকার প্রয়োজন হতো। তবে বর্তমানে দেওয়া ১০ শতাংশ মহার্ঘ ভাতা নতুন কাঠামোর সঙ্গে সমন্বয় করায় অতিরিক্ত ব্যয়ের পরিমাণ কমে প্রায় ৩৭ হাজার কোটি টাকায় নেমে এসেছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

সচিবালয়ে গত দুই দিনে বাজেট নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকেও নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। নতুন কাঠামোর আওতায় প্রশাসন ক্যাডারের পাশাপাশি শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন ও বিচার বিভাগীয় কর্মচারীসহ সরকারি সব খাতের কর্মকর্তা-কর্মচারীরা অন্তর্ভুক্ত থাকবেন।

এর আগে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, আগামী অর্থবছরের শুরু অর্থাৎ ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, অর্থনৈতিক চাপ ও রাজস্ব ঘাটতি থাকলেও বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

জানা গেছে, মূল সুপারিশ কিছুটা সংশোধন করে তিন ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের চিন্তাভাবনা চলছে। বাজেট পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কমিটির সুপারিশ অনুযায়ী, মাসে ২০ হাজার টাকার কম পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন প্রায় দ্বিগুণ বাড়তে পারে। ২০ থেকে ৪০ হাজার টাকার পেনশনভোগীদের ক্ষেত্রে প্রায় ৭৫ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য প্রায় ৫৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব রয়েছে।

এ ছাড়া প্রবীণ পেনশনভোগীদের চিকিৎসা ভাতা বাড়ানোরও সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ৭৫ বছরের বেশি বয়সীদের চিকিৎসা ভাতা ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা এবং ৫৫ বছরের কম বয়সীদের জন্য ৫ হাজার টাকা করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নতুন পে স্কেলে বর্তমান ২০টি গ্রেড বহাল রাখার সুপারিশ করা হয়েছে। এতে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD