Logo

শনিবার ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ মে, ২০২৬, ১১:১৬
শনিবার ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার (২৩ মে) ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

জাতীয় আয়োজনকে ঘিরে ত্রিশালজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সাজানো হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক, অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে টানানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও তোরণ। নতুন সাজে সজ্জিত হয়েছে ত্রিশাল পৌর শহর, সরকারি নজরুল একাডেমি মাঠ ও দারোগা বাড়ি এলাকা।

প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টায় ত্রিশালের বৈলর ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বৈলর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় সেখানে এক সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

বিজ্ঞাপন

পরে দুপুর ২টায় তিনি ত্রিশাল নজরুল ডাকবাংলোয় সংক্ষিপ্ত বিরতি নেবেন। বিকেল ৩টায় সরকারি নজরুল একাডেমি মাঠে জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এরপর বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, ২০০৬ সালের পর এবারই প্রথম জাতীয়ভাবে ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে নজরুল একাডেমি মাঠে বসেছে বড় পরিসরের গ্রামীণ মেলা ও নজরুল বইমেলা। ইতোমধ্যে সেখানে পাঁচ শতাধিক স্টল স্থাপন করা হয়েছে।

মূল অনুষ্ঠানস্থলে আধুনিক সাউন্ড সিস্টেম, আলোকসজ্জা ও দর্শনার্থীদের জন্য বিশেষ বসার ব্যবস্থাও করা হয়েছে। মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বৈলর, নজরুল একাডেমি মাঠ ও নজরুল অডিটোরিয়াম এলাকায় অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা ও অনুষ্ঠান ব্যবস্থাপনায় সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।

বিজ্ঞাপন

স্থানীয় নেতারা আশা করছেন, এ জাতীয় আয়োজনের মাধ্যমে ত্রিশালের উন্নয়ন সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD