Logo

ঈদযাত্রায় গাবতলীতে ভিড়, কাউন্টারেই মিলছে টিকিট

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ মে, ২০২৬, ১১:৩৭
ঈদযাত্রায় গাবতলীতে ভিড়, কাউন্টারেই মিলছে টিকিট
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। টানা ছুটি শুরুর আগেই অনেকেই পরিবার নিয়ে গ্রামের পথে রওনা হচ্ছেন। বিশেষ করে কর্মজীবীদের অনেকে আগেভাগেই স্ত্রী-সন্তানদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২২ মে) সকাল থেকেই গাবতলী ও কল্যাণপুর এলাকায় দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে ছিল যাত্রীদের ভিড়। দেশের বিভিন্ন জেলার উদ্দেশে একের পর এক বাস ছেড়ে গেলেও বেশিরভাগ গাড়ির আসন পূর্ণ ছিল। তবে দিনের পরবর্তী সময়ের বাসগুলোর টিকিট সরাসরি কাউন্টার থেকেই সংগ্রহ করতে দেখা গেছে যাত্রীদের।

সরেজমিনে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় টার্মিনালে যাত্রী উপস্থিতি অনেক বেশি। বিভিন্ন পরিবহনের কাউন্টারের সামনে দীর্ঘ লাইন দেখা গেছে। বাস আসামাত্র যাত্রীরা দ্রুত নির্ধারিত গাড়িতে উঠে পড়ছেন। কাউন্টার মাস্টারদেরও ব্যস্ত সময় পার করতে দেখা যায়।

বিজ্ঞাপন

ইরান এক্সপ্রেসের কাউন্টার মাস্টার রনি জানান, সকাল থেকেই যাত্রীর চাপ রয়েছে। তবে জুমার নামাজের পর পরিস্থিতি আরও স্পষ্ট হবে। ঈদের ছুটি কাটাতে বাড়ি ফেরা যাত্রীর সংখ্যাই বেশি বলে জানান তিনি।

হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার অনিক বলেন, সকাল থেকেই যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে হয়েছে। তাদের অন্তত ২০টি বাস ছেড়ে গেছে এবং কোনো গাড়িতেই আসন খালি ছিল না।

বিজ্ঞাপন

পূর্বাশা পরিবহনের কাউন্টার মাস্টার রমজান জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত তাদের সাতটি বাস ছেড়ে গেছে। বিকেল ৩টা পর্যন্ত প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে। তবে এর পরের শিডিউলে কিছু আসন এখনও খালি রয়েছে।

গোল্ডেন লাইনের কাউন্টার মাস্টার মো. রনি বলেন, সাধারণ দিনের তুলনায় আজ অনেক বেশি গাড়ি ছাড়তে হয়েছে। সকাল থেকেই যাত্রীর চাপ ছিল উল্লেখযোগ্য। তবে ২৫, ২৬ ও ২৭ মে’র অধিকাংশ বাসের টিকিট আগেই বিক্রি হয়ে গেছে।

পাবনাগামী যাত্রী রাহাত জানান, তিনি সরাসরি কাউন্টারে এসে টিকিট সংগ্রহ করেছেন এবং তেমন কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। একই অভিজ্ঞতার কথা জানান রাজশাহীগামী যাত্রী ইমরানও।

বিজ্ঞাপন

এদিকে, ঈদুল আজহা উপলক্ষে সরকার ২৫ মে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন। আগামী ২৮ মে দেশে ঈদুল আজহা উদযাপিত হওয়ার কথা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD