Logo

বড় চ্যালেঞ্জ হলেও এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ মে, ২০২৬, ১৫:০৯
বড় চ্যালেঞ্জ হলেও এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হবে
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহায় স্বল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক যাত্রী ও কোরবানির পশু পরিবহন বড় চ্যালেঞ্জ হলেও এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম এমপি।

বিজ্ঞাপন

শুক্রবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে কুমিল্লা জেলা প্রশাসন ও বিআরটিএ কুমিল্লা সার্কেল, বিআরটিএ ট্রাস্টি বোর্ড এবং বাংলাদেশ রেলওয়ে।

মন্ত্রী বলেন, ঈদে অল্প সময়ে প্রায় আড়াই কোটি মানুষ এবং কোরবানির পশু পরিবহন করতে হয়, যা বড় ধরনের চ্যালেঞ্জ। দেশের অবকাঠামো ও পরিবহন ব্যবস্থার সীমাবদ্ধতায় প্রতি বছরই ঈদযাত্রায় চাপ তৈরি হয়। তবে জনসচেতনতা, সবার সহযোগিতা এবং অনুকূল আবহাওয়া থাকলে এবারের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তির হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করার কাজ চলছে। পাশাপাশি দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ মহাসড়কও পর্যায়ক্রমে উন্নয়ন করা হচ্ছে।

সড়ক দুর্ঘটনা নিয়ে তিনি বলেন, দেশে প্রতি বছর গড়ে প্রায় সাড়ে চার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। চালকদের অদক্ষতা, ফিটনেসবিহীন যানবাহন ও জনসচেতনতার অভাবকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। এ পরিস্থিতি উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

বিজ্ঞাপন

রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি জানান, দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করে আগাম ব্যবস্থা নেওয়ার ফলে সড়ক দুর্ঘটনার হার কমছে।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮৬ জনের পরিবার এবং আহত ৩৩ জনের মধ্যে মোট ৪ কোটি ৮৯ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। এর মধ্যে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৪ কোটি ৩০ লাখ টাকা এবং আহতদের ২ থেকে ৩ লাখ টাকা করে মোট ৫৯ লাখ টাকা প্রদান করা হয়।

এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ব্যয় ও সড়কে নিহতের প্রকৃত সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মো. জিয়াউল হক, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD