Logo

হজ শেষে দেশে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি হাজি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ জুন, ২০২৬, ১১:৩৩
হজ শেষে দেশে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি হাজি
ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন বাংলাদেশি হাজিরা। শুক্রবার (২৬ জুন) পর্যন্ত ১৮৮টি ফিরতি ফ্লাইটে মোট ৬৮ হাজার ২৯৭ জন হাজি নিরাপদে দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬৩ হাজার ৮৩৮ জন।

বিজ্ঞাপন

শনিবার (২৭ জুন) প্রকাশিত হজ বুলেটিনে জানানো হয়েছে, হাজিদের ফিরিয়ে আনতে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০২টি, সৌদিয়া এয়ারলাইনস ৬৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৩টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ অফিসের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০২টি ফ্লাইটে ৩১ হাজার ৯৮১ জন, সৌদিয়া এয়ারলাইনসের ৬৩টি ফ্লাইটে ২৩ হাজার ১৪৯ জন এবং ফ্লাইনাসের ২৩টি ফ্লাইটে ৮ হাজার ৯৬৭ জন দেশে ফিরেছেন। এছাড়া অন্যান্য বিশেষ ফ্লাইটে আরও ৪ হাজার ২০০ জন হাজি দেশে এসেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অবশিষ্ট হাজিদেরও পর্যায়ক্রমে নির্ধারিত ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হবে।

বিজ্ঞাপন

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মোট ৫৫ জন বাংলাদেশি হাজি মারা গেছেন। তাদের মধ্যে পবিত্র মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজন মৃত্যুবরণ করেন। তবে মিনা বা মুজদালিফায় এবার কোনো বাংলাদেশি হাজির মৃত্যুর ঘটনা ঘটেনি।

হজ বুলেটিন থেকে আরও জানা গেছে, হজের সময় ৪১৫ জন বাংলাদেশি হাজি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং ১১ জন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়া সৌদি মেডিক্যাল সেন্টারগুলো মোট ৬৭ হাজার ৮৬ জন বাংলাদেশি হাজিকে জরুরি স্বাস্থ্যসেবা দিয়েছে। মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক ২৮ হাজার ৪০৫ জন হাজিকে হারিয়ে যাওয়া ও বিভিন্ন প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করেছে।

বিজ্ঞাপন

গত ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে চলতি বছরের হজ পরিবহন কার্যক্রম শুরু হয়েছিল এবং ২১ মে প্রাক-হজ ফ্লাইট সম্পন্ন হয়। এরপর গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজের সব আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলমান থাকবে।

হজ অফিস জানিয়েছে, এ বছর বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনের কোটা বরাদ্দ ছিল।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD