কাঁটাবনে বহুতল ভবনে আগুন, ২ জনের মৃত্যু

রাজধানীর কাঁটাবনের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মো. জনি (২৪) ও আবদুস সালাম (২০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে ভবনটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ছয়টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞাপন
অগ্নিকাণ্ডের পর দগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়। আবদুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে যাওয়া নাজমুল ও সরোয়ার জানান, এলিফ্যান্ট রোডের কাঁটাবনের আল বারাকা টাওয়ারের ১০ম ও ১১তম তলায় হঠাৎ আগুন লাগে। এতে ধোঁয়ায় গুরুতর আহত হন জনি ও আবদুস সালাম।
বিজ্ঞাপন
তারা আরও জানান, নিহত আবদুস সালামের বাড়ি বগুড়া জেলার কাহালু উপজেলার বড় ভাদাহার এলাকায়। তিনি আল বারাকা টাওয়ারের ১১তম তলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে জনির বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার বাবুন্দিয়া গ্রামে। তিনি ব্যারিস্টার মোয়াজের ক্লার্ক হিসেবে কাজ করতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে জানান, দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, আগুনের ঘটনায় দগ্ধ অবস্থায় উদ্ধার করে দুই হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।








