মাছ উৎপাদনে বিশ্বসেরা পাঁচে বাংলাদেশ, শীর্ষে কোন দেশ

বাংলাদেশ বিশ্ব মৎস্যচাষে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। ২০২৪ সালে বিশ্বের শীর্ষ পাঁচ মৎস্যচাষী দেশের তালিকায় জায়গা করে নেওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে মাছ আহরণে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক দেশের অবস্থানও ধরে রেখেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রকাশিত ‘দ্য স্টেট অব ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বে মৎস্য ও জলজ চাষ খাতে মোট উৎপাদন বেড়ে রেকর্ড ২৩ কোটি ৫০ লাখ টনে পৌঁছেছে। এর মধ্যে জলজ প্রাণীর উৎপাদন ছিল ১৯ কোটি ৫০ লাখ টন এবং শৈবাল উৎপাদন ৪ কোটি টন। ২০২২ সালের তুলনায় মোট উৎপাদন বেড়েছে ৫ দশমিক ২ শতাংশ। এ উৎপাদনের প্রাথমিক বাজারমূল্য প্রায় ৫৬ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার।
বিশ্বের মোট উৎপাদনের ৬৭ শতাংশ এসেছে সামুদ্রিক অঞ্চল থেকে। এর মধ্যে ৫১ শতাংশ উন্মুক্ত জলাশয়ের মাছ আহরণ এবং ৪৯ শতাংশ মৎস্যচাষের মাধ্যমে উৎপাদিত হয়েছে। বাকি ৩৩ শতাংশ উৎপাদন এসেছে অভ্যন্তরীণ জলাশয় থেকে, যার ৮৪ শতাংশই মৎস্যচাষনির্ভর।
বিজ্ঞাপন
বিশ্ব মৎস্য উৎপাদনে এখনো এশিয়ার আধিপত্য বজায় রয়েছে। বৈশ্বিক উৎপাদনের ৭৬ শতাংশই এ অঞ্চলে হয়েছে। এরপর রয়েছে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল (৮ শতাংশ), ইউরোপ (৭ শতাংশ), আফ্রিকা (৬ শতাংশ), উত্তর আমেরিকা (২ শতাংশ) এবং ওশেনিয়া (১ শতাংশ)।
২০২৪ সালে জলজ প্রাণীর মোট উৎপাদনও সর্বোচ্চ ১৯ কোটি ৫০ লাখ টনে পৌঁছায়। এর ৫৩ শতাংশ এসেছে মৎস্যচাষ থেকে এবং ৪৭ শতাংশ উন্মুক্ত জলাশয় থেকে আহরণ করা হয়েছে। এ উৎপাদনের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ৫৪ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার।
অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে মাছ আহরণে ২২ লাখ টন উৎপাদন নিয়ে শীর্ষে ছিল ভারত। ১৪ লাখ টন উৎপাদন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।
বিজ্ঞাপন
এফএওর তথ্যমতে, ২০২৪ সালে বিশ্বে মৎস্যচাষ খাতে মোট উৎপাদন দাঁড়ায় ১৪ কোটি ২০ লাখ টনে, যার আনুমানিক মূল্য ৩৯ হাজার ১০০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে জলজ প্রাণীর উৎপাদন ছিল ১০ কোটি ৩০ লাখ টন এবং শৈবাল উৎপাদন ৩ কোটি ৯০ লাখ টন।
বিশ্বের শীর্ষ পাঁচ মৎস্যচাষী দেশ হলো—চীন, ইন্দোনেশিয়া, ভারত, ভিয়েতনাম ও বাংলাদেশ। এই পাঁচ দেশ মিলেই বিশ্বের মোট মৎস্যচাষ উৎপাদনের ৮৪ শতাংশের জোগান দিয়েছে।
জলজ প্রাণী উৎপাদনের ক্ষেত্রে এককভাবে শীর্ষে রয়েছে চীন, যার অবদান বৈশ্বিক উৎপাদনের ৫৬ শতাংশ। এরপর রয়েছে ভারত (১২ শতাংশ), ইন্দোনেশিয়া (৬ শতাংশ), ভিয়েতনাম (৫ শতাংশ) এবং বাংলাদেশ (৩ শতাংশ)। এই পাঁচ দেশের সম্মিলিত অবদান ৮২ শতাংশ।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কাঁটাবনে বহুতল ভবনে আগুন, ২ জনের মৃত্যু
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মৎস্যচাষে উৎপাদিত জলজ প্রাণীর প্রায় দুই-তৃতীয়াংশই অভ্যন্তরীণ জলাশয়ে চাষ করা হয়েছে। এর মধ্যে ৮৯ শতাংশ ছিল পাখনাযুক্ত মাছ এবং ৯ শতাংশ ছিল খোলসযুক্ত জলজ প্রাণী। অন্যদিকে সামুদ্রিক ও উপকূলীয় মৎস্যচাষে ২০২৪ সালে ৩ কোটি ৮০ লাখ টন জলজ প্রাণী উৎপাদিত হয়েছে, যার বড় অংশই ছিল মোলাস্ক, পাখনাযুক্ত মাছ ও খোলসযুক্ত প্রাণী।








