Logo

এবার সবার জন্য বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ জুন, ২০২৬, ১৭:১৯
এবার সবার জন্য বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন
ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্দিষ্ট সময় পর বাধ্যতামূলকভাবে নবায়নের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, একটি এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে তা নবায়ন করা বাধ্যতামূলক করা হতে পারে। এর মাধ্যমে নাগরিকদের পরিচয়সংক্রান্ত তথ্য নিয়মিত হালনাগাদ রাখার লক্ষ্য নিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

বর্তমানে জাতীয় পরিচয়পত্র নবায়নের সুযোগ থাকলেও সেটি বাধ্যতামূলক নয়। তবে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরিচয় তথ্যের নির্ভুলতা ও আধুনিকতা নিশ্চিত করতে বিদ্যমান আইন কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে কাজ চলছে।

ইসি কর্মকর্তাদের ভাষ্য, দীর্ঘ ১৫ বছরে একজন ব্যক্তির শারীরিক গঠন, মুখাবয়ব, আঙুলের ছাপসহ বিভিন্ন বায়োমেট্রিক তথ্যের পরিবর্তন ঘটতে পারে। এছাড়া লিঙ্গ পরিবর্তনের মতো বিশেষ পরিস্থিতিতেও পরিচয় যাচাইয়ে জটিলতা দেখা দিতে পারে। এসব কারণেই নির্দিষ্ট সময় পরপর এনআইডির তথ্য হালনাগাদ করা প্রয়োজন বলে মনে করছে কমিশন।

বিজ্ঞাপন

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী, একটি জাতীয় পরিচয়পত্র ইস্যুর তারিখ থেকে ১৫ বছর পর্যন্ত বৈধ থাকে। একই আইনে উল্লেখ রয়েছে, মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্ধারিত নিয়ম ও ফি পরিশোধ করে নাগরিককে নবায়নের জন্য আবেদন করতে হবে।

এদিকে জাতীয় পরিচয়পত্র বিধিমালায়ও নবায়নের আবেদন করার পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। বিধি অনুযায়ী, নাগরিক নিজে অথবা প্রয়োজন হলে তার আইনানুগ অভিভাবক নির্ধারিত ফরম পূরণ করে সরাসরি কিংবা নির্বাচন কমিশনের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সরাসরি আবেদন করলে নির্ধারিত ফি জমা দিয়ে রসিদের কপি সংযুক্ত করে আবেদন জমা দিতে হবে। অনলাইন আবেদনকারীদের ক্ষেত্রেও ফি পরিশোধের পর রসিদের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। আবেদন সাধারণ বা জরুরি—দুই ধরনেরই করা যাবে।

বিজ্ঞাপন

বিধিমালা অনুযায়ী, জরুরি আবেদন নির্বাচন কমিশনে এবং সাধারণ আবেদন স্থানীয় নির্বাচন কার্যালয়ে জমা দিতে হবে। আবেদন গ্রহণের পর সংশ্লিষ্ট কর্মকর্তা আবেদনপত্রের একটি অংশ আবেদনকারীকে বুঝিয়ে দেবেন। অনলাইন আবেদন হলে আবেদন গ্রহণের তথ্য মোবাইল ফোন বা ই-মেইলের মাধ্যমে পাঠানো হবে।

বর্তমান নিয়ম অনুযায়ী, সাধারণ আবেদন ৩০ দিনের মধ্যে এবং জরুরি আবেদন সাত দিনের মধ্যে নিষ্পত্তির বিধান রয়েছে। সাধারণভাবে এনআইডি নবায়নের জন্য ১০০ টাকা এবং জরুরি সেবার জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে, ক্ষতিগ্রস্ত হলে অথবা প্রতিস্থাপনের প্রয়োজন হলে বর্তমানে আলাদা ফি দিতে হয়। প্রথমবার সাধারণ আবেদন করলে ২০০ টাকা এবং জরুরি আবেদন করলে ৩০০ টাকা ফি দিতে হয়। দ্বিতীয়বার আবেদন করলে যথাক্রমে ৩০০ ও ৫০০ টাকা এবং তৃতীয়বার বা পরবর্তী প্রতিটি আবেদনের ক্ষেত্রে সাধারণ সেবার জন্য ৫০০ টাকা ও জরুরি সেবার জন্য এক হাজার টাকা ফি নির্ধারিত রয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার বিষয়টি বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। বর্তমানে যেকোনো নাগরিক প্রয়োজন অনুযায়ী আবেদন করে পরিচয়পত্র নবায়ন বা নতুন কার্ড সংগ্রহ করতে পারেন।

জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশাও জানিয়েছেন, বাধ্যতামূলক নবায়নের বিষয়টি এখনও পর্যালোচনার পর্যায়ে রয়েছে। সব দিক বিবেচনা করে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মতে, বাধ্যতামূলক নবায়ন কার্যকর হলে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার আরও নির্ভুল ও হালনাগাদ থাকবে। এতে নাগরিক পরিচয় যাচাই, সরকারি-বেসরকারি সেবা গ্রহণ এবং ডিজিটাল সেবার নিরাপত্তা নিশ্চিত করাও সহজ হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD