বিয়েতে ১০০ অতিথির বেশি হলে জনপ্রতি এক হাজার টাকা করের প্রস্তাব

বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি উপস্থিত থাকলে অতিরিক্ত প্রতিটি অতিথির জন্য এক হাজার টাকা হারে সরকারি কর আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে অপ্রয়োজনীয় জাঁকজমক এবং অপচয় কমানো গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমতে পারে।
আরও পড়ুন: সময় চাহিয়া লজ্জা দিবেন না: সংসদে স্পিকার
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় বাজেট ২০২৬-২৭ শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।
বিজ্ঞাপন
শাহাদাত হোসেন বলেন, বর্তমানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিশেষ করে বিয়েতে অপ্রয়োজনীয় বিলাসিতা ও সম্পদের প্রদর্শন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গায়ে হলুদের মতো অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য দীর্ঘ সময় ধরে কোরিওগ্রাফির প্রশিক্ষণ নেওয়া হয় এবং এসব আয়োজনের পেছনে বিপুল অর্থ ব্যয় করা হয়। এছাড়া বিয়ের অনুষ্ঠানে হাজার হাজার অতিথির সমাগম ঘটে, যেখানে বিপুল পরিমাণ খাবার পরিবেশন করা হলেও তার বড় একটি অংশ অপচয় হয়।
তিনি বলেন, এই অপচয়ের সংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অতীতে দেশে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল, যেখানে নির্ধারিত সংখ্যার বেশি অতিথি হলে কর দিতে হতো। সেই ধারণা থেকেই তিনি প্রস্তাব করছেন, বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি প্রতিটি অতিরিক্ত অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি কর নির্ধারণ করা হোক।
বিজ্ঞাপন
সংসদ সদস্যের দাবি, সামাজিক অনুষ্ঠানে অযথা ব্যয় ও অপচয় কমানো গেলে বাজারে খাদ্যপণ্যের ওপর চাপও কমবে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রায় ১০ শতাংশ পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা তৈরি হবে বলে তিনি মনে করেন।








