Logo

তুরাগে সাত ছাত্রলীগ নেতার লাশের খবর গুজব: পুলিশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ জুন, ২০২৬, ১৯:৫৮
তুরাগে সাত ছাত্রলীগ নেতার লাশের খবর গুজব: পুলিশ
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে— এমন দাবিতে প্রচারিত তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ‘তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে’— এমন শিরোনামে যে তথ্য ছড়ানো হচ্ছে, তার কোনো সত্যতা নেই। সংশ্লিষ্ট থানা বা পুলিশ ইউনিটের কাছে এমন কোনো ঘটনার তথ্যও আসেনি।

বিজ্ঞাপন

পুলিশের ভাষ্য অনুযায়ী, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ও মনোবল ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার না করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি নাগরিকদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পুলিশ সদর দপ্তর আরও জানিয়েছে, যারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে, তাদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তদন্তে অপপ্রচারে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, পুলিশ আবারও জনগণকে অনুরোধ করেছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে— এমন যেকোনো তথ্য বিশ্বাস বা প্রচারের আগে নির্ভরযোগ্য ও সরকারি সূত্র থেকে সত্যতা যাচাই করার জন্য।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD