Logo

হঠাৎ স্পারসো পরিদর্শনে আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জুন, ২০২৬, ১৩:১৮
হঠাৎ স্পারসো পরিদর্শনে আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৮ জুন) সকালে পূর্বঘোষিত কোনো কর্মসূচি ছাড়াই তিনি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে যান এবং বিভিন্ন বিভাগের কার্যক্রম ঘুরে দেখেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী সকাল ৯টা ১৫ মিনিটে শেরেবাংলা নগরে অবস্থিত স্পারসোর কার্যালয়ে পৌঁছান। পরিদর্শনের সময় তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন এ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তাদের চলমান কার্যক্রম, গবেষণা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও খোঁজখবর নেন।

পরিদর্শনকালে স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। এছাড়া বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবনী উদ্যোগ, গবেষণার অগ্রগতি এবং প্রযুক্তিগত কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।

বিজ্ঞাপন

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, স্পারসোকে আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর একটি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা, প্রযুক্তিগত উন্নয়ন এবং দেশের সামগ্রিক অগ্রগতিতে আরও কার্যকর ভূমিকা রাখতে প্রতিষ্ঠানটির সক্ষমতা বাড়ানোর নির্দেশ দেন তিনি।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তি নিয়ে গবেষণা, উন্নয়ন ও এর ব্যবহার সম্প্রসারণে কাজ করে আসছে। জাতীয় পর্যায়ে মহাকাশ প্রযুক্তির উন্নয়ন ও প্রয়োগে এটি অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি গবেষণা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD