Logo

বৃক্ষরোপণ ও জাতীয় স্টার্টআপ প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ জুন, ২০২৬, ২০:০১
বৃক্ষরোপণ ও জাতীয় স্টার্টআপ প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশব্যাপী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে জাতীয় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনীরও উদ্বোধন করেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (২৯ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির সূচনা করা হয়। শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিনির্ভর এবং উদ্ভাবনী চিন্তায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, জ্ঞান, গবেষণা এবং উদ্ভাবনের সমন্বয়েই একটি টেকসই ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এরপর তিনি জাতীয় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী ঘুরে দেখেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্প ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন।

প্রদর্শনী পরিদর্শনের সময় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণাভিত্তিক কাজ এবং সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের তরুণদের মেধা ও সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। নতুন নতুন উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগ দেশের অর্থনীতি এবং প্রযুক্তি খাতকে আরও সমৃদ্ধ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

এ ছাড়া দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্টার্টআপ উদ্যোক্তা, শিক্ষক, গবেষক এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD