কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে মঙ্গলবার

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ মঙ্গলবার (৩০ জুন) দেশে পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বিশেষ ব্যবস্থাপনায় মরদেহগুলো ইতোমধ্যে কাতার থেকে বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
দূতাবাসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (২৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো পাঠানো হয়। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল প্রায় ৭টার দিকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
জানা গেছে, বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে নিহতদের মরদেহ দেশে আনার সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। প্রবাসীদের পরিবারের কাছে মরদেহ দ্রুত পৌঁছে দিতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।
বিজ্ঞাপন
দুর্ঘটনায় নিহত পাঁচজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন— ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের জসিম উদ্দিন, আগতালুক গ্রামের মোস্তাক আহমদ, একই গ্রামের জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের কাদের আহমদ।
প্রবাসীদের আকস্মিক মৃত্যুতে কানাইঘাটজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা মরদেহ দেশে পৌঁছানোর অপেক্ষায় রয়েছেন। স্থানীয় প্রশাসন ও পরিবারের সদস্যরা বিমানবন্দর থেকে মরদেহ গ্রহণের প্রস্তুতি নিয়েছেন।
বিজ্ঞাপন
এর আগে কাতারে সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ওই পাঁচ বাংলাদেশি নিহত হন। দুর্ঘটনার পর থেকেই তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে।








