Logo

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ জুন, ২০২৬, ১১:৪১
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
ছবি: সংগৃহীত

কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে।মঙ্গলবার (৩০ জুন) সকালে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিজ্ঞাপন

এর আগে রবিবার (২১ জুন) সকালে কাতারের শাহানিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেদিন পাঁচ বাংলাদেশি একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়লে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক। পরে তাদের মরদেহ কাতারের একটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়।

নিহত বাংলাদেশিরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী গ্রামের আব্দুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান, একই গ্রামের জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ।

বিজ্ঞাপন

শ্রম কল্যাণ উইং জানায়, নিহতদের মরদেহ সোমবার (২৯ জুন) কাতারের স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ নম্বর ফ্লাইটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে পাঠানো হবে। ফ্লাইটটি মঙ্গলবার (৩০ জুন) সকাল ৬টা ৫০ মিনিটে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ দেশে পাঠানোর সব প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD