Logo

প্রান্তিক প্রতিভা খুঁজে আনতে আনসার-ভিডিপির বিশেষ ক্যাম্প

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ জুন, ২০২৬, ১৭:১৮
প্রান্তিক প্রতিভা খুঁজে আনতে আনসার-ভিডিপির বিশেষ ক্যাম্প
ছবি প্রতিনিধি।

দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে ‘প্রতিভা অন্বেষণ ক্যাম্প ২০২৫-২৬’ আয়োজন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ও ভিডিপি)।

বিজ্ঞাপন

সোমবার (২৯ জুন) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত এ ক্যাম্পের মাধ্যমে বাহিনীর মূল ক্রীড়া দলে নতুন ও সম্ভাবনাময় খেলোয়াড় বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৫০০ জন আগ্রহী ক্রীড়াবিদ ২৬টি ক্রীড়া বিভাগে বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করেন। শারীরিক সক্ষমতা, ফিটনেস এবং সংশ্লিষ্ট ইভেন্টে কারিগরি দক্ষতার ভিত্তিতে কঠোর মূল্যায়নের মাধ্যমে চূড়ান্তভাবে ২৩০ জন ক্রীড়াবিদকে নির্বাচিত করা হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচিত ক্রীড়াবিদদের এক মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণের আওতায় আনা হবে। অভিজ্ঞ ও দক্ষ কোচদের তত্ত্বাবধানে পরিচালিত এ প্রশিক্ষণে তাদের শারীরিক সক্ষমতা, কারিগরি দক্ষতা এবং মানসিক প্রস্তুতি আরও উন্নত করা হবে। প্রশিক্ষণ শেষে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে যোগ্য ক্রীড়াবিদদের বাংলাদেশ আনসার ও ভিডিপির মূল ক্রীড়া দলে ভাতাভুক্ত করা হবে।

এ উদ্যোগ শুধু বাহিনীর ক্রীড়া সক্ষমতাকেই আরও শক্তিশালী করবে না, বরং দেশের বিভিন্ন প্রান্তের উদীয়মান প্রতিভাবান ক্রীড়াবিদদের জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও সামর্থ্য তুলে ধরার একটি কার্যকর সুযোগ তৈরি করবে। এর ফলে জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভার বিকাশ ত্বরান্বিত হবে এবং আন্তর্জাতিক অঙ্গনেও দেশের সাফল্যের ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD