ডিএমপির ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জনস্বার্থে ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করেছে। এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপি কমিশনারের পক্ষে উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন, অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন দায়িত্বে কর্মরত থাকবেন।
আদেশ অনুযায়ী, মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (২ আইসি) এস এম মিজানুর রহমানকে আইসিটি বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
বিজ্ঞাপন
গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (২ আইসি) মো. আল আমিন হোসাইনকে গোয়েন্দা-রমনা বিভাগের রমনা জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার করা হয়েছে।
লালবাগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (২ আইসি) আবু সাঈদকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমে অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া, মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (২ আইসি) এস. এ. এম. ফজলে-ই-খুদাকে গোয়েন্দা-মিরপুর বিভাগের পশ্চিম জোনাল টিমে এবং অর্থ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (বাজেট) মো. সজল হোসেনকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন (সিটিটিসি) বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, ট্রাফিক-মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সবুজবাগ জোন) জাহাঙ্গীর ফেরদৌসকে ডিএমপির এফঅ্যান্ডডি বিভাগের সহকারী পুলিশ কমিশনার (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।








