Logo

ইরানের স্পিকারকে সফরের আমন্ত্রণ জানালো বাংলাদেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ জুলাই, ২০২৬, ১৯:৫৭
ইরানের স্পিকারকে সফরের আমন্ত্রণ জানালো বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ইরানের স্পিকারকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে বৃহস্পতিবার তেহরানে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তেহরানের বিমানবন্দরে পৌঁছালে তাকে আন্তরিকভাবে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত বৈঠকে ইরানের স্পিকার গালিবাফ বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলকে আন্তরিক স্বাগত জানান। বাংলাদেশ জাতীয় সংসদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ইরানের সর্বোচ্চ নেতার নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং গভীর শোক প্রকাশ করেন। তিনি এ সময় ইরানের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সংহতি জ্ঞাপন করেন। তিনি ইরান ও বাংলাদেশের মধ্যকার শতাব্দী প্রাচীন বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক এবং কূটনৈতিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন।

স্পিকার সম্প্রতি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সই হওয়া শান্তি সমঝোতা স্মারক (MoU) বাস্তবায়নে ইরানের স্পিকারের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই চুক্তি ইরানসহ সমগ্র অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিয়ে আসবে। বাংলাদেশ এই শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন বজায় রাখবে এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সব সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও বহুমাত্রিক করতে বৈঠকে ইরানের স্পিকারকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উচ্চপর্যায়ের সফর দুই দেশের সংসদীয় ও কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

বিজ্ঞাপন

বৈঠকে ইরানের ডেপুটি স্পিকার, ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির সদস্যরা এবং তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD