আজ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা, থাকবেন প্রধানমন্ত্রী

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে আজ (শনিবার) রাজধানীতে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় এ স্মরণসভা অনুষ্ঠিত হবে। জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণ এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এ আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, ‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে স্মরণসভার আয়োজন করেছে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সংগঠনের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিদের অংশ নেওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত নয় দিনব্যাপী কর্মসূচিরও সমাপ্তি হবে আগামী ৩ আগস্ট। ওই দিন রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনারের ওই সমাবেশেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।
বিজ্ঞাপন
এর আগে বৃহস্পতিবার জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে একটি আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন শেষে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের ছাত্র সমাবেশের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘটবে।
আয়োজকদের ভাষ্য, জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণ, আহতদের প্রতি সংহতি প্রকাশ এবং সেই আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এ কর্মসূচিগুলোর আয়োজন করা হয়েছে।








