ইরানে খামেনিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের পার্লামেন্ট স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (৩ জুলাই) রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে আয়োজিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে তিনি এ শ্রদ্ধা জানান।
বিজ্ঞাপন
রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে বৃহস্পতিবার (২ জুলাই) তেহরানে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শোকানুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি ইরানের ইসলামিক কনসাল্টেটিভ অ্যাসেম্বলির (পার্লামেন্ট) স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।
বৈঠকের শুরুতে ইরানের স্পিকার বাংলাদেশ প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় হাফিজ উদ্দিন আহমদ আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইরানের সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা ও সংহতি জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ, সাংস্কৃতিক এবং কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের ভূমিকার প্রশংসা করেন বাংলাদেশের স্পিকার। তিনি আশা প্রকাশ করেন, এই সমঝোতা ইরানসহ পুরো অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক বিরোধ নিরসনে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার কোনো বিকল্প নেই। বাংলাদেশ সব সময় শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও এ অবস্থান অব্যাহত রাখবে।
বিজ্ঞাপন
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান বাংলাদেশের স্পিকার।
বৈঠকে ইরানের ডেপুটি স্পিকার, ইসলামিক কনসাল্টেটিভ অ্যাসেম্বলির সদস্যরা এবং তেহরানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ প্রতিনিধিদল রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে।








