সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় সরকারি সফর শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
আইএসপিআরের তথ্য অনুযায়ী, সফরকালে সেনাপ্রধান দুই দেশের প্রতিরক্ষা ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক ও মতবিনিময়ে অংশ নেন। এসব বৈঠকে বাংলাদেশ, চেক রিপাবলিক এবং স্লোভাকিয়ার মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ক আরও সম্প্রসারণ এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সফরের অংশ হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান, প্রশিক্ষণকেন্দ্র এবং প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি, সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন।
বিজ্ঞাপন
আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে বন্ধুপ্রতিম দেশগুলোর প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং সামরিক সম্পর্ক আরও সুসংহত করার লক্ষ্যেই এই সরকারি সফর অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ২৮ জুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফর শেষে তিনি দেশে ফিরে দায়িত্বভার গ্রহণ করেছেন।








