Logo

ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদন শুরুর তারিখ ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জুলাই, ২০২৬, ১১:২২
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদন শুরুর তারিখ ঘোষণা
ছবি : জনবাণী গ্রাফিক্স

চলতি ২০২৬-২৭ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আগামী ১ আগস্ট থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু করবে সমাজসেবা অধিদপ্তর। আবেদন করা যাবে ৩১ আগস্ট পর্যন্ত। এ লক্ষ্যে পুরো জুলাই মাসজুড়ে দেশব্যাপী প্রচার-প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে গত ৩০ জুন জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনাটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর (তৃতীয় লিঙ্গ, বেদে, অনগ্রসর ও চা-শ্রমিক) ভাতা ও শিক্ষা উপবৃত্তি বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো হবে।

বিজ্ঞাপন

এরপর ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, আবেদনকারীকে অবশ্যই নিজের স্থায়ী ঠিকানার ভিত্তিতে আবেদন করতে হবে। প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে হলে আবেদনকারীর সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়া জাতীয় পরিচয়পত্রের সঙ্গে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর এবং আবেদনকারীর নিজস্ব মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। ব্যাংক হিসাব ব্যবহার করলে যোগাযোগের জন্য একটি সক্রিয় মোবাইল নম্বরও যুক্ত করতে হবে।

সমাজসেবা অধিদপ্তর আরও জানিয়েছে, বর্তমানে অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির নিয়মিত সুবিধাভোগীরা এই কর্মসূচিতে নতুন করে বিবেচিত হবেন না। পাশাপাশি যারা এর আগে অনলাইনে আবেদন করে অপেক্ষমাণ তালিকায় রয়েছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন হবে না।

বিজ্ঞাপন

নতুন আবেদন এবং অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনগুলো একসঙ্গে যাচাই-বাছাই করা হবে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন এবং বরাদ্দের ভিত্তিতে চূড়ান্ত উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হবে। বিদ্যমান নীতিমালা অনুসরণ করে যাচাই শেষে এই তালিকা অনুমোদনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, চূড়ান্তভাবে নির্বাচিত ব্যক্তিরা চলতি বছরের ১ জুলাই থেকেই ভাতা ও শিক্ষা উপবৃত্তির প্রাপ্য সুবিধা পাবেন।

বিজ্ঞাপন

এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য বিভাগীয় সমাজসেবা কার্যালয়গুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কারিগরি বা প্রশাসনিক কোনো জটিলতা দেখা দিলে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখার টেকনিক্যাল টিম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD