জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা ও সম্মেলনের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’। শহীদদের স্মরণ, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং গণ-অভ্যুত্থানের স্মৃতি তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা।
বিজ্ঞাপন
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা সংরক্ষণ এবং শহীদদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ধারাবাহিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জাতীয় সম্মেলন সেই কর্মসূচিরই একটি গুরুত্বপূর্ণ অংশ।
এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নয় দিনব্যাপী কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে। কর্মসূচির সমাপনী অনুষ্ঠান আগামী ৩ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ছাত্র সমাবেশের মাধ্যমে শেষ হবে। ওই সমাবেশেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।
আরও পড়ুন: সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বিজ্ঞাপন
বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদল এ কর্মসূচির ঘোষণা দেয়। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে। এরপর ধারাবাহিক বিভিন্ন আয়োজন শেষে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের ছাত্র সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটবে।








