Logo

প্রাথমিক স্বাস্থ্যসেবায় এক লাখ কর্মী নিয়োগ দেবে সরকার: অর্থমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জুলাই, ২০২৬, ১৬:৪৩
প্রাথমিক স্বাস্থ্যসেবায় এক লাখ কর্মী নিয়োগ দেবে সরকার: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশব্যাপী প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা আরও কার্যকর করতে সরকার এক লাখ নতুন কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর মতে, তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা জোরদার করা গেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ দেশের বড় হাসপাতালগুলোতে রোগীর অতিরিক্ত চাপ অনেকটাই কমে আসবে।

বিজ্ঞাপন

শনিবার (৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে শুধু বাজেট বৃদ্ধি বা বেশি অর্থ বিনিয়োগই যথেষ্ট নয়। কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হলে পুরো স্বাস্থ্যব্যবস্থাকে আধুনিক ও কার্যকরভাবে পুনর্গঠন করতে হবে। একই সঙ্গে চিকিৎসক, শিক্ষক এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয়তা, অগ্রাধিকার, কার্যকারিতা এবং পরিবেশগত প্রভাবকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। স্বাস্থ্যখাতেও একই নীতির ভিত্তিতে কাজ করা হবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, স্বাস্থ্যসেবার উন্নয়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে সরকারের কোনো অনীহা নেই। তবে বরাদ্দকৃত অর্থের সুষ্ঠু ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড ও সর্বোত্তম চর্চা অনুসরণ করে দেশের স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

তিনি আশা প্রকাশ করেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী হলে সাধারণ মানুষ স্থানীয় পর্যায়েই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবেন। এতে বড় হাসপাতালগুলোর ওপর চাপ কমবে এবং গুরুতর রোগীদের আরও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।

সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিনসহ স্বাস্থ্যখাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD