Logo

কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর
৪ জুলাই, ২০২৬, ১৬:৫৮
কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
ছবি: সংগৃহীত

মাধ্যমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার বিস্তারকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

শনিবার (৪ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে বিদ্যালয়টির নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন তিনি। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির যুগ্ম মহাসচিব।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রয়েছে। এ লক্ষ্যেই প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে মিড-ডে মিল কর্মসূচি চালু করা হয়েছে। একই সঙ্গে মাধ্যমিক স্তরে কারিগরি শিক্ষার সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কেবল সাধারণ শিক্ষার ওপর নির্ভর না করে কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ বাড়ানো হলে শিক্ষার্থীরা ভবিষ্যতের কর্মবাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে যেতে পারবে। এজন্য সরকার কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানান, শিক্ষার্থীদের সহায়তায় সরকার উপবৃত্তি কর্মসূচিও চালু রেখেছে। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী ও দক্ষতাভিত্তিক করে তোলাই সরকারের লক্ষ্য।

বিজ্ঞাপন

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রীর একান্ত সহকারী সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম এবং প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD