দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিজ্ঞাপন
সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনের সময় ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম এবং কৌশলগত প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন। পাশাপাশি একজন কমান্ডারের অপারেশনাল নির্দেশনা শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত ‘রেইড’ মহড়া প্রত্যক্ষ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ ছাড়া যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং প্রশিক্ষণের বিভিন্ন দিক ঘুরে দেখেন তিনি। সেনা বাংকারে নেমে মহড়ায় অংশ নেওয়া কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছেও গিয়ে তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ দেন।
সেনাসদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের বিশ্বাস ও আস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী।
তিনি বলেন, জাতীয় সংকট মোকাবিলা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী গৌরবময় ভূমিকা পালন করে আসছে। এ সময় বাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিজ্ঞাপন
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








