Logo

গণিতচর্চা বাড়াতে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট, ২০২৬, ১৯:৫২
গণিতচর্চা বাড়াতে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে স্কুল ও তৃণমূল পর্যায়ে গণিতভিত্তিক কার্যক্রম ছড়িয়ে দিতে সরকারি সহায়তার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার কথা জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াড (ইজিএমও)-এ পদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

সাক্ষাৎকালে পদকজয়ী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে কুশলবিনিময় করেন এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের অভিজ্ঞতা, বিভিন্ন প্রতিযোগিতার প্রস্তুতি ও অর্জনের বিষয়গুলো তুলে ধরেন। তাদের সাফল্যে প্রধানমন্ত্রী অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনের জন্য শুভকামনা জানান।

তৃণমূল পর্যায়ে গণিত অলিম্পিয়াড সম্প্রসারণের উদ্যোগ

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের (বিজিএমএফ) পক্ষ থেকে দেশের বিভিন্ন প্রান্তে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। বিশেষ করে তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহী করে তুলতে কার্যক্রম আরও সংগঠিত ও কার্যকর করার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা চাওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় প্রধানমন্ত্রী সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, দেশের শিক্ষার্থীদের মধ্যে গণিতচর্চা বাড়াতে এবং গণিত অলিম্পিয়াডের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে ভবিষ্যতে সরকারের সহায়তার প্রয়োজন হলে তা দেওয়া হবে।

স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের জন্য তহবিল

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণে একটি পৃথক তহবিল গঠনের প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবটি বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থায়নের বিষয়ে প্রধানমন্ত্রী তাৎক্ষণিক সম্মতি দেন।

এর ফলে দেশের স্কুল পর্যায়ে গণিতভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা, প্রশিক্ষণ ও অলিম্পিয়াড আয়োজনের সুযোগ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির (বিডিএমও) পক্ষ থেকেও স্কুল পর্যায়ে কার্যক্রমভিত্তিক গণিত চালুর প্রস্তাব দেওয়া হয়। প্রধানমন্ত্রী এ প্রস্তাবেও সম্মতি জানান।

বিজ্ঞাপন

শিক্ষকদের গণিত দক্ষতা যাচাইয়ে নতুন পরীক্ষার প্রস্তাব

সাক্ষাৎকালে স্কুল শিক্ষকদের গণিত বিষয়ে দক্ষতা যাচাইয়ের জন্য পৃথক একটি পরীক্ষা চালুর প্রস্তাবও তুলে ধরা হয়। ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের ক্ষেত্রে আইইএলটিএস পরীক্ষার আদলে গণিতের জন্যও একটি মানসম্মত দক্ষতা যাচাই পরীক্ষা চালুর কথা বলা হয়।

প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষকদের গণিত শিক্ষাদানের সক্ষমতা মূল্যায়ন এবং দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি হতে পারে।

বিজ্ঞাপন

যেসব শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডে পদকজয়ী কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থী। তাদের মধ্যে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মনামী জামান আইএমও ও ইজিএমওতে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। চট্টগ্রাম কলেজের মো. রায়হান সিদ্দিকী আইএমওতে রৌপ্য পদক পেয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া ঢাকা ইমপিরিয়াল কলেজের জাওয়াদ হামীম চৌধুরী, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ মারজুক রহমান, আনন্দ মোহন কলেজের তাহসিন খান এবং রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের এম জামিউল হোসেন আইএমওতে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন।

বিজ্ঞাপন

রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাজি সেহনাই ইজিএমওতে ব্রোঞ্জ পদক পেয়েছেন।

উপস্থিত ছিলেন যারা

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, আইএমওর জাতীয় কোচ মাহবুবুল আলম মজুমদার, বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের চেয়ার অধ্যাপক সাদিয়া হামিদ কাজী এবং বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির সদস্য মো. আব্দুল হাকিম খান।

বিজ্ঞাপন

গণিতের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের প্রেক্ষাপটে স্কুল পর্যায়ে গণিতচর্চা আরও বিস্তৃত করার উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সরকারি সহযোগিতায় তৃণমূল থেকে প্রতিভাবান শিক্ষার্থী খুঁজে বের করা, তাদের প্রশিক্ষণ দেওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করার সুযোগও আরও বাড়তে পারে।

প্রধানমন্ত্রীর দেওয়া আশ্বাস অনুযায়ী তহবিল গঠন, কার্যক্রমভিত্তিক গণিত চালু এবং শিক্ষকদের দক্ষতা যাচাইয়ের উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের গণিত শিক্ষায় নতুন পরিসর তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD